মুক্তমন রিপোর্ট : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে মঙ্গলবার তেহরান থেকে রওনা হয়ে তিনি নিউইয়র্কে পৌঁছান। বুধবার সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত ভিডিওতে পেজেশকিয়ানকে বিমান থেকে নামতে দেখা যায়। তাঁর সফরকালে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাংস্কৃতিক ও একাডেমিক মহলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পেজেশকিয়ানের নিউইয়র্ক সফর অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের সদর দপ্তরে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের একটি সীমিত বা মূল প্রতিনিধিদলকে সফরের অনুমতি দিয়েছে। ওই দলে পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ প্রয়োজনীয় কূটনৈতিক কর্মকর্তারা রয়েছেন।
তবে ইরানের প্রেসিডেন্টের গণমাধ্যম দলের কয়েকজন সদস্যসহ অতিরিক্ত কয়েকজনকে যুক্তরাষ্ট্র প্রবেশের ভিসা দেওয়া হয়নি বলে জানা গেছে। ইরানি প্রতিনিধিদলের ওপর নিউইয়র্কে চলাচলসংক্রান্ত কিছু বিধিনিষেধও রয়েছে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ ও সামরিক চাপ কমানোর বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছে।
Muktomon/TA