এক দিনে সরকার পতনের হুমকি অবাস্তব

নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবুল কাওসার আশা
নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবুল কাওসার আশা

মুক্তমন রিপোর্ট : কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতা আবুল কাওসার আশা বলেছেন, জামায়াতে ইসলামী একদিন বা কয়েক দিনের মধ্যে সরকার পতনের যে কথা বলছে, তা বাস্তবসম্মত নয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত সমাবেশে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, তারা ছয়-সাত দিন কিংবা একদিনের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটানোর কথা বলছে। তার মতে, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এভাবে সরিয়ে দেওয়ার দাবি বাস্তবসম্মত নয়।

আবুল কাওসার আশা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সরকার পরিবর্তনের সময় নিয়ে নানা বক্তব্য দিচ্ছে। তবে জনগণ গণতান্ত্রিক শক্তির পক্ষেই রয়েছে বলে তিনি দাবি করেন।

সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Muktomon/TA