নাজু হত্যায় নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে নিহত নাজুর স্বজনরা
নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে নিহত নাজুর স্বজনরা

মকবুল হোসেন : নেত্রকোণায় নাজু হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামি নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত নাজুর স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্বজনদের দাবি, নিহত নাজুর সাবেক স্বামী নুরুল আমিনের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে। তাদের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নাজুর সঙ্গে দেখা করার পর নুরুল আমিন তাকে গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে হত্যা করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নুরুল আমিন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পুঁতে রাখা নাজুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, নিহত নাজুর মা, মেয়ে, বড় বোন নাদিরা আক্তার, ছোট ভাই শুভ, ফুফাতো বোন রুবি আক্তার ও তার জামাতা হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা নাজু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা মামলার প্রধান আসামি নুরুল আমিনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি করেন।

বক্তারা বলেন, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে নাজু হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA