ইরানের নতুন রোডম্যাপে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইরানের কূটনৈতিক আলোচনা
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইরানের কূটনৈতিক আলোচনা

মুক্তমন রিপোর্ট : চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পক্ষ থেকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

আলোচনায় কাতার, পাকিস্তান ও মিসরের কর্মকর্তারা মধ্যস্থতা করেন। এর আগে ১৬ সেপ্টেম্বরও ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সংঘাত অবসানের প্রস্তাব পাঠিয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।

ইরানের নতুন রোডম্যাপ অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে হরমুজ প্রণালির ওপর ইরানের আরোপিত বিধিনিষেধ এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। যুদ্ধবিরতি চলাকালে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলা থেকেও বিরত থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই প্রস্তাব গ্রহণ করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরান পর্যাপ্ত সদিচ্ছার প্রমাণ না দেওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার না করার অবস্থান জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা। একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য এখনো রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কূটনৈতিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি, যদিও দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও পার্থক্য রয়েছে।

Muktomon/TA

Muktomon/TA