মুক্তমন রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিদায়ী ভাষণে বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ন্ত্রণ, জলবায়ু সংকট মোকাবিলা এবং জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে এবং সেগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে।
গুতেরেস এআই প্রযুক্তির দ্রুত বিকাশের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক তদারকি ও একটি বহুপাক্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো তৈরির আহ্বান জানান। তাঁর মতে, এআইয়ের নিরাপদ ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করতে স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদারকি প্রয়োজন।
নিজের প্রায় এক দশকের দায়িত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে এআই শাসনব্যবস্থার বিষয়টি তুলে ধরেন গুতেরেস। ২০২৩ সালে তাঁর উদ্যোগে এআই নিয়ে জাতিসংঘের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল।
ভাষণে চলমান বিভিন্ন সংঘাতের অবসানের ওপরও গুরুত্ব দেন তিনি। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনা কমানো, মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন গুতেরেস। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় দূষণকারীদের দায়বদ্ধ করার ওপরও জোর দেন তিনি।
জাতিসংঘের বর্তমান কাঠামো নিয়েও কথা বলেন গুতেরেস। তিনি বলেন, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখনো পুরোনো ক্ষমতার কাঠামো ও স্বার্থের বাস্তবতার মধ্যে আটকে আছে। ফলে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন।
বিদায়ী ভাষণে নিজের এক দশকের দায়িত্বকালের বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন গুতেরেস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ হবে। এরপর তিনি মহাসচিবের দায়িত্বে থাকবেন না।
ভাষণের শেষভাগে গত ১০ বছর পাশে থাকা বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জাতিসংঘের সনদের মূল্যবোধ, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন গুতেরেস।
Muktomon/TA