যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান

মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ধাপে ধাপে খুলে দেওয়া এবং সংঘাত নিরসনে বৃহত্তর আলোচনার সময়সূচি নির্ধারণের প্রস্তাবও দিয়েছে তেহরান। আঞ্চলিক কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ ও দ্য ন্যাশনাল।

ইরানের দেওয়া ‘রোডম্যাপ’-এ আরব প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও আলোচনার অংশ হিসেবে তুলে ধরেছে তেহরান।

এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হতে পারে।

নিউইয়র্কে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের কয়েকটি দাবি বিবেচনায় নিতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলোচনা হয়েছে। কাতার, পাকিস্তান ও মিসরের মধ্যস্থতায় এসব যোগাযোগ চলছে। তবে এখন পর্যন্ত ইরানের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্মতির কোনো ঘোষণা পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ। এ পথে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং নৌ চলাচল স্বাভাবিক রাখতে আঞ্চলিক দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগে ভূমিকা রাখছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বললেও সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ফলে ইরানের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা এগোলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

Muktomon/TA