সৌদিকে সহায়তা করলে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুথিদের

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ঘিরে হুথিদের সামরিক হুমকির খবর
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ঘিরে হুথিদের সামরিক হুমকির খবর

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবকে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিলে বা লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।

আল-থাওর বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে বা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে তারা ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার কথাও জানান তিনি।

হুথি সামরিক উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বিমান হামলা বা আকাশপথে সহায়তা দিলে ওই অঞ্চলে থাকা মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। হুথিরা লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর বাব আল-মানদেব প্রণালী নিয়ে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এর প্রভাব আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সৌদি আরবের সঙ্গে হুথিদের সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রয়টার্স জানিয়েছে, সৌদি ও ইয়েমেনের সরকার যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি।

আল-থাওর ইরানের কাছ থেকে সরাসরি নির্দেশনা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি ইরানকে মিত্র ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করলেও হুথিদের সিদ্ধান্ত নিজেদের বলেও দাবি করেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী কয়েক মাসে ১ লাখ ৩০ হাজারের বেশি থেকে বেড়ে ২ লাখ ৩০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Muktomon/TA