ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০ হুথি যোদ্ধা নিহতের দাবি সেনাবাহিনীর

ইয়েমেনের তাইজে হুথি যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ
ইয়েমেনের তাইজে হুথি যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনীর দাবি, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টার এই সংঘাতে ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মিডিয়া দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, সংঘর্ষের সময় ইয়েমেনের বিমান বাহিনী হুথিদের সামরিক যান ও তাদের জমায়েতস্থল লক্ষ্য করে হামলা চালায়। এর আগে তাইজ ও লোহিত সাগরের উপকূলীয় শহর মোচায় অভিযান চালিয়ে হুথিদের রসদ সরবরাহের পথ, অস্ত্রের মজুত এবং যোদ্ধা মোতায়েনের কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

এদিকে একই সময়ে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দুটি প্রদেশে হুথি যোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাবাহিনী ও সৌদি আরবের বিমান বাহিনীরও তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ওই সংঘর্ষে তাদের ২৩ সদস্য এবং ৪০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

তবে এসব হতাহতের সংখ্যা ও সামরিক অভিযানের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Muktomon/TA