সাধন সাহা জয় : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীর নির্দেশনায় শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিব উল্লাহ সরকার ও এএসআই দিলীপ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ধনাশীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণহাতা গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬), ফারুক ফকিরের ছেলে সোহাগ ফকির (৩৫), ধনাশী গ্রামের আবু তাহেরের ছেলে জীবন আহমেদ (৩২) এবং শিবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মুসা মিয়া (২৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আটক চারজনকে উদ্ধার করা সরঞ্জামসহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের কাছে হাজির করা হয়। সেখানে তারা অপরাধ স্বীকার করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
রায়ে গাঁজা সেবনের দায়ে সোহাগ ফকিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ইয়াবা সেবনের দায়ে মুসা মিয়া, জীবন আহমেদ ও মেহেদী হাসানকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।