সৌদি আরবে হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

রিয়াদমুখী হুতিদের ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
রিয়াদমুখী হুতিদের ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানিয়েছে জোট।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ অভিমুখী দুটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করে। পৃথকভাবে খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই হামলার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ খামিস মুশাইত ও আবহা এলাকায় সতর্কতা জারি করেছিল। তবে রিয়াদের জন্য একই ধরনের সতর্কতা জারির তথ্য পাওয়া যায়নি।

এর আগে ১৯ সেপ্টেম্বর রিয়াদ অভিমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে সময় রাজধানীর কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সৌদি কর্তৃপক্ষ হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনা লক্ষ্য করে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার পাল্টা প্রতিরোধ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরবের সঙ্গে মিত্র দেশগুলোর আলোচনা চলছে।

এর মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রধানরা রিয়াদে বৈঠক করে সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকিগুলো পর্যালোচনা করেছেন বলে রয়টার্স জানিয়েছে। 

Muktomon/TA