মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি মার্কেটে বিমান হামলায় ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আরাকান আর্মি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের একটি বাজারে মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের দাবি, হামলায় নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক।
আরাকান আর্মির বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে বাজারের অস্থায়ী ও স্থায়ী ব্যবসায়ী এবং সাধারণ পথচারী রয়েছেন। আহত ৫৮ জনের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে।
রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা ওয়াই হুন অংও নিহত ও আহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি জানান, কিয়াউকতাওয়ের ওই বাজারটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময় মানুষের ভিড় থাকে।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাজার ও আশপাশের কয়েকটি ভবন এবং যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
কিয়াউকতাও বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
২০২১ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আরাকান আর্মির সাংগঠনিক শক্তি বাড়তে থাকে। ২০২৩ সাল থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘাত আরও তীব্র হয়।
তবে কিয়াউকতাওয়ের হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনাটির বিভিন্ন দিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA