উত্তরাখণ্ডে মাদরাসা বন্ধের নির্দেশ

ভারতের উত্তরাখণ্ডে প্রশাসনের অভিযানে বন্ধ হওয়া একটি মাদরাসা
ভারতের উত্তরাখণ্ডে প্রশাসনের অভিযানে বন্ধ হওয়া একটি মাদরাসা

মুক্তমন রিপোর্ট : ভারতের উত্তরাখণ্ডে অনুমোদন ও নির্ধারিত শিক্ষার মান নিয়ে প্রশাসনের আপত্তির পর ২০টি মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি মাদরাসা সিলগালা করা হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন ও হালদওয়ানিসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের এই অভিযান সম্প্রসারিত হয়েছে।

প্রদেশের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, বন্ধ হওয়া ২০টি মাদরাসার মধ্যে ১৭টিতে প্রশাসন সিলগালা করেছে। অপর তিনটি মাদরাসার কর্তৃপক্ষ নিজেরাই কার্যক্রম বন্ধ করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে।

প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন নেই এবং সেখানে নির্ধারিত মানের শিক্ষা দেওয়া হচ্ছে না। এ কারণে আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সরকারি আইন ও স্বীকৃতির শর্ত পূরণ না করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না।

রাজ্য সরকার জানিয়েছে, সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার ক্ষেত্রে নির্ধারিত মান বজায় রাখাই সরকারের লক্ষ্য।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারি নিয়ম ও আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উত্তরাখণ্ড প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি।