মুক্তমন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত প্রায় সাড়ে চার মাস দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাতযাপনের সুযোগ পাবেন পর্যটকেরা। তবে ভ্রমণের অনুমতি কার্যকর হলেও প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্র না পাওয়ায় এখনো শুরু হয়নি জাহাজ চলাচল। ফলে দ্বীপে যাওয়ার প্রস্তুতি নেওয়া পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পর্যটকদের আগমন সামনে রেখে দ্বীপের হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন পর্যটননির্ভর ব্যবসা বন্ধ বা সীমিত থাকায় আর্থিক সংকটে পড়া স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নতুন করে আশার আলো দেখছেন। তবে কক্সবাজারের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর সেন্টমার্টিনের আবাসিক স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৭ অক্টোবর জারি করা সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াত ও রাতযাপন করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। আগের মতোই ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট নিয়ে ভ্রমণ করতে হবে।
জাহাজ চলাচলে এখনো মিলেনি অনুমোদন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটক পরিবহন শুরুর কথা থাকলেও প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় সেন্টমার্টিন নৌপথে এখনো জাহাজ চলাচল শুরু হচ্ছে না।
এ রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর এবং কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদন পায়নি।
সেন্টমার্টিনগামী জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, পর্যটক পরিবহনের জন্য তিনটি জাহাজ প্রস্তুত রয়েছে। এগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ২ হাজার ৩০০ জন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে জাহাজগুলোর জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। তবে নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বিআইডব্লিউটিএর রুট পারমিট ও চলাচলের সময়সূচি এখনো পাওয়া যায়নি। কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় অনুমোদনও বাকি রয়েছে।
হোসাইন ইসলাম বাহাদুর আরও বলেন, পর্যটকেরা টিকিট বুকিং দিতে আগ্রহী হলেও ট্যুরিজম বোর্ডের ট্রাভেল পাসসংক্রান্ত সফটওয়্যার এখনো চালু হয়নি। এসব জটিলতা দ্রুত কাটলে আগামী ৫ বা ৬ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হতে পারে।
আগের মতোই কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় এখনো কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ট্যুরিজম বোর্ডের প্রস্তুতিও পুরোপুরি শেষ হয়নি। সব বিষয় নিয়ে আলোচনা করতে জেলা প্রশাসক ৪ নভেম্বর সেন্টমার্টিনে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।
সাড়ে চার মাসই রাতযাপনের সুযোগ
সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ অক্টোবর মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সেখানে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের প্রজ্ঞাপনের নির্দেশনা বহাল রাখা হয়।
আগের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের শুধু দিনের বেলায় দ্বীপে গিয়ে একই দিনে ফিরে আসার কথা ছিল। ডিসেম্বর ও জানুয়ারি মাসে ছিল রাতযাপনের সুযোগ। ফলে নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে রাতযাপন করা যাবে কি না, তা নিয়ে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
পরে ২৭ অক্টোবর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এ বিভ্রান্তি দূর করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পুরো সময়েই পর্যটকেরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান বলেন, নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চে রাতযাপন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। নির্ধারিত পুরো সময়েই পর্যটকেরা দ্বীপে থাকতে পারবেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, গতবারের মতো এবারও পর্যটকদের ট্রাভেল পাস নিয়ে দ্বীপে যেতে হবে। এ জন্য কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্যুরিজম বোর্ডের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।
বহাল থাকছে পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধ
সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগের বছরের প্রজ্ঞাপনে আরোপিত বিধিনিষেধগুলো এবারও বহাল রাখা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলও নিষিদ্ধ।
হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ
পর্যটকদের আগমন সামনে রেখে সেন্টমার্টিনের আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজের অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি কক্সবাজারের মেরিন ড্রাইভের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের প্রাণহানির পর বিষয়টি আলোচনায় আসে। সেন্টমার্টিনেও সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা জিয়াবুল করিম বলেন, দ্বীপের কোনো হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁয় আগুন লাগলে অনেক সময় বাড়িতে ব্যবহৃত পানির পাইপ দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন। তবে আগুন বড় আকার ধারণ করলে সীমিত সরঞ্জাম দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
আরেক বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, শুধু অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশনা দিলেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। এসব যন্ত্র কার্যকর আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি হোটেল, রিসোর্ট ও কটেজে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, রান্নাঘরের অগ্নিনিরাপত্তা, জরুরি বহির্গমন পথ এবং প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা প্রয়োজন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা হয়েছে। হোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আপাতত দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের সম্ভাবনা দেখছেন না তিনি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার কামরুজ্জামান সুমন বলেন, তিনি সম্প্রতি টেকনাফে যোগ দিয়েছেন। সেন্টমার্টিনে ফায়ার সার্ভিস স্টেশন ও প্রশিক্ষিত কর্মী রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। দ্বীপটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
পর্যটন ঘিরে নতুন করে আশায় স্থানীয়রা
দীর্ঘ এক বছর পর পর্যটকদের জন্য দ্বীপে যাতায়াত ও রাতযাপনের সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একসময় দ্বীপের অধিকাংশ মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা ও কৃষিকাজ। তবে গত দুই দশকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা ও সেবামূলক কাজে যুক্ত হন।
পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধের কারণে গত এক বছরে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসায় স্থবিরতা দেখা দেয়। নতুন সিদ্ধান্তে এসব ব্যবসা আবার সচল হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, পর্যটকদের আগমন সামনে রেখে দ্বীপের সব পেশার মানুষ কর্মব্যস্ত হয়ে পড়েছেন। ব্যবসাপ্রতিষ্ঠান সংস্কার ও পর্যটকদের জন্য প্রস্তুত করতে সবাই কাজ করছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিন পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য। ১ নভেম্বর থেকে প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। পর্যটকদের নিরাপত্তায় কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনী ও পুলিশ কাজ করছে।
তবে পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত হলেও জাহাজ চলাচলের অনুমোদন, ট্রাভেল পাসের কারিগরি প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভ্রমণ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না।