সোহেল রানা : রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিপুল পরিমাণ চোরাচালানির মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্তবর্তী নদীপথ দিয়ে চোরাকারবারিদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীর পাশের কলাবাগানে অবস্থান নেন।
দীর্ঘসময় অপেক্ষার পর বিজিবি সদস্যরা দেখতে পান, কাঁধে ব্যাগ নিয়ে দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। তাদের আটক করতে ধাওয়া দিলে ওই দুই ব্যক্তি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় ‘Vigore’ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ও অন্যান্য বিস্তারিত তথ্য বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
জব্দ করা মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।