এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু ও রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
বেনিয়ামিন নেতানিয়াহু ও রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

মুক্তমন রিপোর্ট : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়েরের প্রস্তুতি নিতে ইসরায়েলের আন্তঃমন্ত্রণালয় দল ও আন্তর্জাতিক আইন বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত মামলায় তুরস্কের কুর্দি সংখ্যালঘুদের সঙ্গে এরদোয়ান সরকারের আচরণ এবং হামাসকে তুরস্কের আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এরদোয়ানের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানানোর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই এরদোয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির খবর সামনে এলো।

কুর্দি ইস্যুতে জোর

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত মামলার অন্যতম ভিত্তি হতে পারে তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর প্রতি সরকারের আচরণ নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ। পাশাপাশি হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও এতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

তবে ইসরায়েল ও তুরস্ক—দুই দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির সদস্য নয়। ফলে আদালতের এখতিয়ার নিয়ে আইনি জটিলতা রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আইসিসিতে সরাসরি মামলা করার পরিবর্তে অন্য কোনো দেশের এখতিয়ার বা আইনি ব্যবস্থার মাধ্যমে বিষয়টি আদালতে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

আই২৪নিউজের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল শেষ পর্যন্ত মামলা নাও করতে পারে। বরং এর প্রস্তুতিকে এরদোয়ানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির একটি উপায় হিসেবেও ব্যবহার করা হতে পারে।

এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

Muktomon/TA