ইয়েমেনে তীব্র লড়াই, দুই দিনে নিহত ১৫৪

ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষের চিত্র
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষের চিত্র

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনে হুথি ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে গত দুই দিনে অন্তত ১৫৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

হুথি সামরিক সূত্র জানিয়েছে, তাইজ, আল-জাওয়াফ, মারিব ও সা’দা প্রদেশে সৌদি বিমান হামলা, স্থল সংঘর্ষ ও গোলাবর্ষণে ১১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষ থেকে তাদের ৩৬ সদস্য নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

এদিকে সংঘাতের মধ্যে সৌদি সীমান্তবর্তী নাজরান এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের অনুরোধের পর মার্কিন বাহিনী হামলার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযান স্থগিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন। এরপর মার্কিন বাহিনী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতি নিলেও ট্রাম্প শেষ পর্যন্ত এতে এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি মাসে ইয়েমেনে তীব্র লড়াইয়ের কারণে ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি আরও অবনতির ফলে আগামী তিন মাসে আরও প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Muktomon/TA