মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। প্রণালিটির নিয়ন্ত্রণ আরও জোরদার করতে রাডার স্থাপন এবং পাহাড় কেটে সুড়ঙ্গ নির্মাণের কাজে সহায়তা ও তদারকির জন্য তারা সেখানে গেছেন বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি হুথিদের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, আইআরজিসির প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলে অবস্থিত জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে হুথিরা মোখা দখলে নেয়। এরপর বাব এল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে ওই অঞ্চলের পাহাড়ি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে এবং এসব কর্মকাণ্ডে ইরানের বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা তদারকি করছেন বলে হুথি সূত্রগুলো জানিয়েছে।
এ ছাড়া মোখা এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত জুকার দ্বীপে রাডার স্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। এসব রাডারের মাধ্যমে ড্রোন ও যুদ্ধবিমান শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাব এল-মান্দেবের কাছাকাছি কাহবুব পাহাড়ি এলাকায় হুথি যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই তীব্র হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি এলাকা থেকে বাব এল-মান্দেব প্রণালির ওপর নজরদারি করা সম্ভব।
গত জুলাই থেকে হুথি ও ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। চলমান লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ বহু মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA