মুক্তমন রিপোর্ট : ২২ বছর পর ঢাকায় সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। ২০০৩ সালের আসরে একই মঞ্চে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত। এবার সেই হারের জবাব দিল দলটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে মুহাম্মদ সুহাইল ভাটের উদ্দেশে বল বাড়ানো হলে আলতো ছোঁয়ায় তা জালে পাঠান তিনি। ছয় মিনিট পর পাকিস্তানের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন সুহাইল ভাট। ৩০ মিনিটে ম্যাংলেংথাম কিপজেনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
৩৪ মিনিটে পেনাল্টি পায় পাকিস্তান। তবে শায়ক দোস্তর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি পাকিস্তান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-০ ব্যবধানেই এগিয়ে ছিল ভারত। তবে যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে পাকিস্তান। রেফারির দেওয়া চার মিনিটের ইনজুরি সময়ের প্রথম মিনিটে নাজিব উল্লাহ পাকিস্তানের হয়ে টুর্নামেন্টের প্রথম গোল করেন। দুই মিনিট পর বক্সের মধ্যে দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান আলমগীর গাজী। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি পাকিস্তান।
২০০৯ ও ২০১৮ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল। ওই দুই আসরে ভারত ও পাকিস্তান অংশ নিলেও পরস্পরের মুখোমুখি হয়নি। ২০০৩ সালের পর ২০২৬ সালে আবারও ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো প্রতিবেশী দুই দেশ।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের পর করমর্দন নিয়ে বিতর্ক তৈরি হলেও এই ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে। ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা পরস্পরের সঙ্গে করমর্দন করেন। খেলার সময় কোনো খেলোয়াড় আহত হলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়।