মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হয়ে এমআই লন্ডন ছাড়ছেন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া কাইরন পোলার্ড।
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া কাইরন পোলার্ড।

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর দ্য হান্ড্রেডের দল এমআই লন্ডনের কোচের পদ ছাড়তে যাচ্ছেন কাইরন পোলার্ড। গত আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক ক্যারিবীয় এই অলরাউন্ডার।

এমআই লন্ডন মূলত ওভাল ইনভিনসিবলসের নতুন নাম। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ দলটির ৪৯ শতাংশ মালিকানা নেওয়ার পর নাম পরিবর্তন করা হয়। গত জানুয়ারিতে পোলার্ডকে দলটির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

গত ২৪ অক্টোবর মুম্বাই ইন্ডিয়ান্স ২০২৭ আইপিএল মৌসুমের জন্য পোলার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন পোলার্ড।

২০১০ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত পোলার্ড। দীর্ঘদিন দলটির হয়ে খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন এই ক্যারিবীয় তারকা।

নতুন দায়িত্বে পোলার্ডের প্রথম কাজ হবে আইপিএল ২০২৭-এর আগে দল গঠন এবং খেলোয়াড় ধরে রাখার পরিকল্পনা চূড়ান্ত করা।

Muktomon/TA