নাটোরে গ্যাস পাওয়ার সম্ভাবনা, অগ্রাধিকার পাবে শিল্পকারখানা

 নাটোরে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় বক্তব্য দিচ্ছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
নাটোরে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় বক্তব্য দিচ্ছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মুক্তমন রিপোর্ট : নাটোরে গ্যাস অনুসন্ধানে পরিচালিত দুটি খননকাজে ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এসব স্থান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হলে জেলার চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হবে। বিশেষ করে শিল্পকারখানায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে ‘সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনুসন্ধানে পাওয়া ইতিবাচক ফলের ভিত্তিতে গ্যাস উত্তোলন সম্ভব হলে তা সুষমভাবে বিতরণ করা হবে। নাটোরের শিল্পাঞ্চলে গ্যাসের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ উৎপাদন ও সৌরবিদ্যুতের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এসব খাতে সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষিতে সেচের ব্যয় কমানো এবং নিরবচ্ছিন্ন সেচসুবিধা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী সেচ মৌসুমে কৃষকেরা যাতে পানির সংকট ও অতিরিক্ত খরচের মুখে না পড়েন, সে লক্ষ্যে কাজ করছে সরকার।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Muktomon/TA