স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদী আমলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা ভারতে অবস্থান করে বাংলাদেশের পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি শ্যামল চক্রবর্তী ও অ্যাডভোকেট আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা সিকদার, মেজর (অব.) আবদুর রউফ, শওকত আমীন ও মেহেদী হাসান রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করা এবং ভারতে বসবাসরত সব ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন সংগঠনের নেতারা।