তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের সম্ভাব্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন। দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা মেহমেত উকুম জানিয়েছেন, পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেলে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন আয়োজন করা হতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া বক্তব্যে উকুম বলেন, পার্লামেন্টের ৬০০ সদস্যের মধ্যে ৩৬০ জন নতুন নির্বাচনের পক্ষে সমর্থন দিলে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তুরস্কের নিয়মিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী ২০২৮ সালের মে মাসে নির্বাচন হওয়ার কথা। তবে দেশটির সংবিধান অনুযায়ী পার্লামেন্টের অন্তত ৩৬০ সদস্যের সমর্থনে আগাম নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে। এমন নির্বাচন হলে এরদোয়ানের পুনরায় প্রার্থী হওয়ার সাংবিধানিক সুযোগ তৈরি হবে।
বর্তমানে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এবং তাদের জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) পার্লামেন্টে মোট ৩২৬টি আসন নিয়ন্ত্রণ করছে। ফলে ৩৬০ সদস্যের সমর্থন পেতে তাদের আরও সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
এর আগে তুরস্কের সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের কথা বলে আসছিল। তবে এবার এরদোয়ানের প্রধান উপদেষ্টার বক্তব্যে ২০২৮ সালের এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা সামনে এসেছে।
৭২ বছর বয়সী এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তিন মেয়াদ প্রধানমন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তুরস্কে নির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থা চালুর পর তিনি ২০১৮ ও ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন।
তুরস্কের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় একজন প্রেসিডেন্ট সাধারণত দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে পার্লামেন্ট আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে বর্তমান প্রেসিডেন্টের আরেকবার প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
২০২৩ সালের নির্বাচনের সময় এরদোয়ান এটিকে প্রেসিডেন্ট হিসেবে তার শেষ মেয়াদ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে নতুন নির্বাচনের সময়সূচি এগিয়ে আনার ক্ষেত্রে পার্লামেন্টের প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেলে তিনি আবারও প্রার্থী হতে পারবেন বলে তার উপদেষ্টা জানিয়েছেন।
Muktomon/TA