ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, নিহত ৫

ইরানের কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলার পর ধ্বংসস্তূপের পাশে জড়ো হয়েছেন স্থানীয়রা
ইরানের কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে হামলার পর ধ্বংসস্তূপের পাশে জড়ো হয়েছেন স্থানীয়রা

মুক্তমন রিপোর্টার : ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। ইরানের কর্মকর্তাদের দাবি, হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, বান্দার কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের সরকারি একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভিডিওতে আহতদের আর্তচিৎকার শোনা যাওয়ার দাবিও করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। দেশটির প্রেস টিভিও পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জন নারী ও শিশু রয়েছেন। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। শিশুটির ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষের আঘাতে অনেকে আহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের হামলার চেষ্টার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের দাবি, সিরিকের হামলার জবাবে বুধবার ভোরে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, সিরিকের বিয়ের অনুষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয়।

এ ছাড়া জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্বার্থকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটি।