মার্কিন নির্বাচনের সময় ইরানের হামলার আশঙ্কা, সতর্ক করলেন সাবেক দূত

ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা নিয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড
ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা নিয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড

মুক্তমন রিপোর্ট : আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক কোনো হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তার ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে কেন্দ্র করে তেহরান এমন পদক্ষেপ নিতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়ে হুড বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার নজির ইরানের রয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় ইরান অতীতে এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।

সাবেক এই মার্কিন কূটনীতিক বলেন, আগামী নভেম্বর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়টিকে ইরান কৌশলগতভাবে কাজে লাগাতে পারে। তার মতে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়লে তা মার্কিন ভোটারদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জোয়ে হুড বলেন, মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। আরব দেশগুলোর মানুষের কাছে রুটির দামের গুরুত্ব যেমন, মার্কিন ভোটারদের কাছে পেট্রোলের দামও অনেকটা তেমন।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো যদি ব্যতিক্রমী কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে না পারে, তাহলে চলমান কূটনৈতিক তৎপরতার কার্যকারিতা খুব বেশি হবে না।

জোয়ে হুডের মতে, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো উদ্যোগ নিলে পরিস্থিতির সমাধানের পথ তৈরি হতে পারে। এসব দেশ উপসাগর ও উত্তর আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তার প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে জাহাজ চলাচল নিরাপদ রাখা গেলে জাহাজে হামলার আশঙ্কা কমবে এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রয়োজনীয়তাও দূর হতে পারে।

তবে আগামী ছয় সপ্তাহে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে জোয়ে হুডের বক্তব্যটি একটি বিশ্লেষণ ও আশঙ্কা, নিশ্চিত কোনো হামলার ঘোষণা নয়।