আগামী বছর থেকে সময়মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

WhatsApp Image 2026-04-18 at 12.15.20 PM
WhatsApp Image 2026-04-18 at 12.15.20 PM

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৮ এপ্রিল ২০২৬ : আগামী বছর থেকে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে আগ্রহী করে তুলতে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার দ্রুত এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা বাস্তবায়ন করেছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।

কোচিং বাণিজ্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে। এটি দীর্ঘদিন ধরে সমাজে একটি বড় সমস্যা হিসেবে বিরাজ করছে। কোচিং নিয়ন্ত্রণে নতুন কিছু উদ্যোগ ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। তবে প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ‘দৃষ্টিনন্দন প্রজেক্ট’ ও ‘পিডিপি (PDP) ফাইভ’-এর মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের আওতায় শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, নকশা উন্নয়ন এবং আসবাবপত্র পরিবর্তনের কাজ করা হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তিনি নিজে, মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরীক্ষার সময় শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে সন্তোষজনক পরিস্থিতি দেখা গেছে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।