ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা কমিটির সভা

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের আকাশের কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখা ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।