নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী খিলক্ষেত থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খিলক্ষেত থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।