ডারউইন টেস্টে শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ

ডারউইন টেস্টে শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ডারউইন টেস্টের শুরুতেই স্বাগতিক অস্ট্রেলিয়ার ওপর দারুণ চাপ তৈরি করেছে বাংলাদেশ। প্রথম সেশনে মাত্র ৭৪ রান তুলতেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে ওপেন করেন ট্রাভিস হেড ও ডারউইনের স্থানীয় ক্রিকেটার জ্যাক ওয়েদারাল্ড। শুরুতে দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেও বাংলাদেশের পেসাররা নিয়মিত তাদের চাপে রাখেন।

প্রথম ঘণ্টা পেরোতেই আসে বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য। হাসান মাহমুদের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়েদারাল্ড ও হেড।

এরপর মারনাস লাবুশেনকে ফেরান ইবাদত হোসেন। আর ক্যামেরন গ্রিনকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ।

মাত্র ৬২ বলের ব্যবধানে অস্ট্রেলিয়া হারায় চার উইকেট। ১১.৪ ওভার থেকে ২২ ওভারের মধ্যে একে একে চার ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয়। চারটি উইকেটই এসেছে বাংলাদেশের পেসারদের হাত ধরে।

তবে এর মাঝেও একটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম স্টিভেন স্মিথের ক্যাচটি নিতে পারলে অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়তে পারত।

ডারউইন টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এদিকে একাদশে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়ে টেস্টের শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ।