মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক : মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে দেশের আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে মোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারিত হলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বিচারালয়ে মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতেই ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় এ ব্যবস্থা এখন দেশের মোট ২৮টি জেলায় কার্যকর হলো।

মন্ত্রী জানান, শুধু ডিজিটাল ই-বেইল বন্ড চালুর মধ্যেই উদ্যোগ সীমাবদ্ধ রাখা হচ্ছে না। আদালতের বাইরে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ বাড়ানো গেলে আদালতের ওপর মামলার চাপ কমবে এবং বিচারপ্রার্থীরা তুলনামূলক দ্রুত বিরোধের নিষ্পত্তি পেতে পারবেন।

এদিকে আদালতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে বিচার বিভাগীয় পারফরম্যান্সকে উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, যেসব জেলার বিচার বিভাগ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখাবে, তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে একদিকে জামিন প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে, অন্যদিকে মামলা দ্রুত নিষ্পত্তি ও আদালতের ওপর চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।