নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে (১৬ জুলাই) উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি সড়কে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। এর আগে জসিমউদ্দিন এভিনিউ সড়কের পাকার মাথায় অবস্থিতি উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে বড় পর্দায় খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
জানা গেছে, নিহত দুই সাংবাদিকই আসন্ন উত্তরা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থী ছিলেন। শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ১৮ নম্বর ব্যালট এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে ২২ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের দ্রুত শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।