মুক্তমন প্রতিবেদক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় এই সাফল্য অর্জন করেন তিনি। নুরুদ্দিন জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।
চতুর্থ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করা হয়। আন্তর্জাতিক বিচারকমণ্ডলীর কঠোর মূল্যায়নের পর নুরুদ্দিন জাকারিয়াকে এ শাখার সেরা নির্বাচিত করা হয়।
বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ ও নারী প্রতিযোগীরা অংশ নেন। ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে এটি প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের আসর।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, এর শিক্ষা অনুধাবন এবং কোরআনের প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
এদিকে একই প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তৃতীয় স্থান অর্জন করেছেন।