মুক্তমন রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর শিল্পকুঞ্জ এলাকায় এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি চন্দ্রা এলাকা থেকে অটোরিকশা নিয়ে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। এ কারণে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।