১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করে মাধুরী দীক্ষিত

আলোচনায় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
আলোচনায় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মুক্তমন রিপোর্ট: বলিউড তারকা মাধুরী দীক্ষিত অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট বিনিয়োগেও সফলতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করেছেন তিনি।

রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা সিআরই ম্যাট্রিক্স-এর তথ্য অনুযায়ী, মাধুরী প্রায় ১৮ বছর আগে ৫২ লাখ ৫০ হাজার রুপিতে ১,৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস কিনেছিলেন। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

সম্প্রতি সম্পত্তিটি ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড-এর কাছে বিক্রি করা হয়েছে। তবে বিক্রয়মূল্যের সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্পত্তি হস্তান্তরের জন্য প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে।

রিয়েল এস্টেটে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনের বিনিয়োগ নতুন নয়। এর আগে তারা একাধিক সম্পত্তি লিজ দেওয়া এবং বিক্রির মাধ্যমে মুনাফা করেছেন।

চলতি বছরের মার্চে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ওয়ান লোধা প্যালেস-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করেন এই তারকা দম্পতি।

এদিকে, চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মা বহেন’ সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।