জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।

মুক্তমন রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে অবস্থিত পলশা-মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দেন অতিথিরা।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পলশা-মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমিতির সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।