বিএনপির ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের নির্দেশ

বাংলাদেশ সচিবালয়ে নির্বাচনী ইশতেহারের কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় জনপ্রশাসন উপদেষ্টা।
বাংলাদেশ সচিবালয়ে নির্বাচনী ইশতেহারের কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় জনপ্রশাসন উপদেষ্টা।

মুক্তমন রিপোর্ট: বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় উপদেষ্টা বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তিনি মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি কর্মচারী নিয়োগ এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন।

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা আরও বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জেমস)-এ অনলাইন বদলি ও পদায়ন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর হবে।

সভায় শূন্যপদে নিয়োগের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইনে বিভাগীয় কমিশনাররা অংশ নেন।