চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন

মুক্তমন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন।

রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সরকারের একটি সূত্রের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে ওই সূত্র জানিয়েছে।

তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরাগ জৈন বর্তমানে ‘র’-এর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

এর আগে ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে নতুন করে যোগাযোগ ও সংলাপের প্রচেষ্টার মধ্যে পরাগ জৈনের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরে আলোচনার বিষয়বস্তু বা কর্মসূচি সম্পর্কে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।