রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহে গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি মো. আশিক সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।