পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

 বৃক্ষরোপণ কর্মসূচিতে আমিনুল হক ও শিক্ষার্থীরা
বৃক্ষরোপণ কর্মসূচিতে আমিনুল হক ও শিক্ষার্থীরা

মুক্তমত প্রতিবেদক : আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকে বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগাতে পারে। এ জন্য বাড়ি ফিরে অভিভাবকদেরও গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে।

আমিনুল হক বলেন, সবাই যদি একটি করে গাছ লাগায়, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকেই অংশীদার হতে পারবেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।