জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি দেশের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ সংরক্ষণকে কেবল সরকারি প্রকল্প হিসেবে নয়, জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সরকার, নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাপার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গবেষক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।