৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল

 আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এমপি কামরুজ্জামান কামরুল।
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এমপি কামরুজ্জামান কামরুল।

মুক্তমন রিপোর্ট: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল বলেন, “৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদিন দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল। জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক।”

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। তরুণদের সাহসিকতা ও সাধারণ মানুষের ঐক্য নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দেয়। আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “৫ আগস্ট আমাদের শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই বিজয় অর্জন সম্ভব। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব এখন সবার।”

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সহিদ উল্যাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, মজিবুর রহমান মজুমদার, কাজী মাজহারুল হক, নেহাল উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও আলমগীর কবির, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী এবং কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।