জ্যেষ্ঠ প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রের ত্রুটি দ্রুত সংশোধন করে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে পুনরায় প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে তথ্যচিত্রটি প্রদর্শনের পর বিষয়টি উত্থাপিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, তথ্যচিত্রে কোনো ধরনের ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। প্রতিমন্ত্রীও এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে শিগগিরই জনসমক্ষে পুনরায় উন্মুক্ত করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়—বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলি—যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং কোনো ব্যক্তি, সংগঠন বা গণঅভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা বা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিশেষজ্ঞ, গবেষক এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামত নিয়ে তথ্যচিত্রটি পরিমার্জনের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সবার অবদান যথাযথ মর্যাদা ও ঐতিহাসিক সত্যতা বজায় রেখে উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয় এ ঘটনায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আবারও দুঃখ প্রকাশ করে ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত, সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছে।