তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে আগুন, নিহত ২

fedf0ede83f96f6ff17d269f4b3f8afa-65a1b546d4109
fedf0ede83f96f6ff17d269f4b3f8afa-65a1b546d4109

মুক্তমন রিপোর্ট : এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁও এলাকার মোল্লাবাড়ি বস্তির আগুন। তবে আগুনে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। দুজনের পরিচয় এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে দুজন চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেনও আজকের পত্রিকাকে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ২৩ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। ২টা ২৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। পরে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে ১৩টি ইউনিট বলে জানানো হয়েছে।

পুলিশও প্রথমে দুজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এ ঘটনায় নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজন দগ্ধ হওয়ার তথ্য মিলেছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিটির অবস্থান। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।