নিজস্ব প্রতিবেদক : এবারের দাখিল পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। প্রতিষ্ঠানটির ২২৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ ফলাফলের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশ নেওয়া ২২৯ শিক্ষার্থীর মধ্যে ১৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৮ শতাংশ। এছাড়া ৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছে।
ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একাধিকবার শীর্ষস্থান অর্জন করেছে। পাশাপাশি এখন পর্যন্ত ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আলিম পরীক্ষাতেও জিপিএ-৫সহ শতভাগ পাসের সাফল্য রয়েছে প্রতিষ্ঠানটির। একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, আধুনিক শিক্ষার সঙ্গে কোরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য। তাদের মতে, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনের ওপরও প্রতিষ্ঠানটি সমান গুরুত্ব দিয়ে থাকে।