পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন: ডিএসসিসি প্রশাসক

WhatsApp Image 2026-05-02 at 2.02.53 PM
WhatsApp Image 2026-05-02 at 2.02.53 PM

মুক্তমন ডেস্ক: পথচারী ও যান চলাচল স্বাভাবিক রেখে হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী এবং কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন। স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অতীতে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হতো। এখন নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী সীমিত সংখ্যক হকার বসার সুযোগ পাবেন, যাতে পথচারী ও যান চলাচল ব্যাহত না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ডিএসসিসি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং নতুন সংযুক্ত এলাকাগুলোতে উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার পাবে।

ডিএসসিসির নিজস্ব অর্থায়নে প্রায় ৩.৬৭ কোটি টাকা ব্যয়ে লেন ও বাই-লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১.১ কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।