মুক্তমন রিপোর্টার : দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পবিত্র কোরআন শেখা, মুখস্থ করা ও তিলাওয়াতের সুযোগ বাড়াতে বিশেষায়িত একটি প্রকল্প চালু করেছে সিরিয়া।
দামেস্কের আল-তিজারা এলাকার আল-কুসুর মসজিদে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করে দামেস্কের ধর্মীয় ওয়াকফ অধিদপ্তর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরীয় আরব প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতি শেখ ওসামা আব্দুল করিম আল-রিফাই এবং ধর্মীয় ওয়াকফমন্ত্রী মুহাম্মদ আবু আল-খায়ের শুকরি।
ধর্মীয় ওয়াকফ অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধকতার কারণে যেন কোনো মানুষ কোরআন শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ প্রকল্প নেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির প্রয়োজন বিবেচনায় বিশেষায়িত শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা হবে। এর মাধ্যমে তারা কোরআন শেখা, মুখস্থ করা এবং সঠিকভাবে তিলাওয়াতের সুযোগ পাবেন।
এ উদ্যোগের পাশাপাশি ধর্মীয় শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ, আচরণ ও শিক্ষাদানের বিষয়ে দক্ষ শিক্ষক তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা-পদ্ধতি প্রয়োগ করা হবে, যাতে তারা ধর্মীয় শিক্ষা কার্যক্রমে আরও কার্যকরভাবে অংশ নিতে পারেন।
দামেস্কের ধর্মীয় ওয়াকফ অধিদপ্তরের এই উদ্যোগকে ধর্মীয় শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পৃথক শিক্ষাব্যবস্থা ও কোরআন শিক্ষার্থীদের জন্য সৃজনশীল ক্যাম্প আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।