স্বার্থ ছাড়া ভারতের আমন্ত্রণে সাধুবাদ, স্বার্থ থাকলে নয়

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী

মুক্তমন রিপোর্টার : স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার সেটিকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে কোনো ধরনের স্বার্থ জড়িত থাকলে বাংলাদেশ তাতে এগোবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাই বন্ধুত্বপূর্ণ ও নিঃস্বার্থ কোনো আমন্ত্রণ এলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে দেখবে। তবে জাতীয় স্বার্থের বাইরে কোনো উদ্যোগে বাংলাদেশ এগিয়ে যাবে না।

এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন।