নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস এবং বন্দর উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বন্দর অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ (Dr. Rumaih bin Mohammed Al-Rumaih)-এর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রী বাংলাদেশের নৌখাতের চলমান উন্নয়ন কার্যক্রম, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি এবং এ খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানান।
সৌদি আরবের ভাইস মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করে বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ (Dr. Abdullah bin Abiah) এবং উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।