ভারত সিরিজের আগেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

ভারত সিরিজের আগেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়টি দলের মধ্যে অবস্থান ধরে রাখায় বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে খেলবে টাইগাররা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৪ দলের এই আসরে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাকি দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।

আয়োজক দক্ষিণ আফ্রিকা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে থাকায় র‍্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। সেই গুরুত্বপূর্ণ জায়গাটিই ধরে রেখেছে বাংলাদেশ।

বর্তমানে ৮৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। ফলে ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৬ রেটিং পয়েন্ট।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ভাগ্য এখনো অনিশ্চিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে সিরিজটি আগামী ৩০ সেপ্টেম্বরের আগে হওয়ার সম্ভাবনা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে নিজেদের পয়েন্ট বাড়ানো বা কমানোর সুযোগ পাচ্ছে না।

অন্যদিকে, বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান টপকানোর সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতের বিপক্ষে তাদের দুটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। তবে দুই ম্যাচেই জয় পেলেও বাংলাদেশের ৮৩ পয়েন্ট টপকে যাওয়ার মতো পর্যাপ্ত রেটিং অর্জন করা সম্ভব হবে না।

ফলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলার জায়গা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে।

বাংলাদেশের জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ বাছাইপর্বের অনিশ্চয়তা এড়িয়ে সরাসরি বিশ্বকাপের মূল আসরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টাইগাররা।