বিনোদন প্রতিবেদক : হজ পালনের পর নিজের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা জানিয়েছেন, বর্তমানে নিয়মিত অভিনয় করছেন না। কেবল বিজ্ঞাপনের কাজের সুযোগ এলে তাতে যুক্ত হচ্ছেন।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন এবং অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেন হাসান মাসুদ।
তিনি বলেন, “আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।”
নিজের ধর্মীয় জীবনের পরিবর্তন প্রসঙ্গে হাসান মাসুদ জানান, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। এ কারণে মক্কা ও মদিনায় ৪১ দিন অবস্থান করেছেন। তবে তার জীবনে এই পরিবর্তনের সূচনা হজ পালনেরও আগে বলে জানান তিনি।
হাসান মাসুদ বলেন, “আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে, মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।”
১২০০ বই বিক্রি করে দিয়েছেন
একসময় প্রচুর বই পড়লেও বর্তমানে আর বই পড়েন না হাসান মাসুদ। অতিরিক্ত বই পড়ার কারণে একপর্যায়ে নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো বলে জানান তিনি।
তার ভাষায়, “বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।”
এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১ হাজার ২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। বইগুলো খুব কম দামে বিক্রি করেছিলেন বলেও জানান এই অভিনেতা। এরপর থেকে আর বই পড়েন না তিনি।
সাংবাদিকতা থেকে অভিনয়ে
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন হাসান মাসুদ। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। শুরুতে দ্য নিউ নেশনে কাজ করেন। পরে ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের শক্ত অবস্থান তৈরি করেন হাসান মাসুদ।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
টেলিভিশন নাটকেও দীর্ঘদিন দর্শকদের বিনোদন দিয়েছেন তিনি। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ ও ‘বাতাসের ঘর’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের ‘আজকে না হয় ভালোবাসো’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।
ক্যারিয়ারের নানা অধ্যায় পেরিয়ে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন হাসান মাসুদ। নিজের পরিবর্তিত জীবনযাপন, ধর্মীয় অনুশীলন এবং নিজের মতো করে সময় কাটানোতেই এখন বেশি মনোযোগী এই অভিনেতা।