ইউটিউব মনিটাইজেশনে নতুন নিয়ম, আয় করতে বাড়ছে যোগ্যতার শর্ত

File Photo
File Photo

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইউটিউব থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করতে নতুন ক্রিয়েটরদের আরও কঠিন যোগ্যতা পূরণ করতে হবে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি মনিটাইজেশন ব্যবস্থায় নতুন কিছু শর্ত যুক্ত করার ঘোষণা দিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে আয় শুরু করতে আগ্রহী ক্রিয়েটরদের গত ১২ মাসে অন্তত ৮ হাজার কোয়ালিফাইড ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ২ কোটি কোয়ালিফাইড শর্টস ভিউ অর্জন করতে হবে।

বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় ১ হাজার সাবস্ক্রাইবার এবং গত ১২ মাসে ৪ হাজার ওয়াচ আওয়ার। শর্টসের ক্ষেত্রে গত ৯০ দিনে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি ১ কোটি ভিউয়ের শর্ত রয়েছে।

নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, যারা ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে রয়েছেন, তাদের ওপর নতুন নিয়মের প্রভাব পড়বে না।

শর্টস থেকে আয়ের ক্ষেত্রেও কঠোর শর্ত

শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় করতে হলে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে গেলেও তারা পার্টনার প্রোগ্রামে থাকতে পারবেন এবং দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবেন।

পরবর্তী সময়ে আবার ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউয়ের সীমা অতিক্রম করতে পারলে ওই চ্যানেল শর্টস থেকেও আয় করার সুযোগ পাবে।

ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকায় এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নেরও বেশি শর্টস দেখা হয়। একই সঙ্গে টেলিভিশনে প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টার বেশি সময় ইউটিউব ভিডিও দেখা হচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হলে বিশেষ করে নতুন ও শর্টসনির্ভর ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন প্রোগ্রামে প্রবেশ করা কঠিন হতে পারে। আয় শুরু করার আগেই নিয়মিত বিপুলসংখ্যক দর্শক ও ওয়াচ টাইম ধরে রাখার সক্ষমতা দেখাতে হবে তাদের।

প্রিমিয়াম লাইট থেকেও আয় করবেন ক্রিয়েটররা

ইউটিউব জানিয়েছে, তুলনামূলক কম খরচের সাবস্ক্রিপশন সেবা ইউটিউব প্রিমিয়াম লাইট চালু থাকা সব দেশে সম্প্রসারণ করা হচ্ছে।

ক্রিয়েটরদের ভিডিও দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে এই সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেওয়া হবে। দীর্ঘ ভিডিও নির্মাতারা এর ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা ৪৫ শতাংশ পাবেন।

ইউটিউবের দাবি, নতুন প্রিমিয়াম গ্রাহক যুক্ত হলে ক্রিয়েটরদের আয়ও বাড়তে পারে। কোনো ব্যবহারকারী প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে বিজ্ঞাপননির্ভর আয়ের তুলনায় পার্টনাররা গড়ে বেশি আয় করেন।

প্রিমিয়াম লাইটে বেশিরভাগ ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখার পাশাপাশি ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধাও রয়েছে।

এদিকে শুধু ইউটিউব নয়, অন্যান্য প্ল্যাটফর্মও ক্রিয়েটরদের আয় ও পুরস্কার ব্যবস্থায় পরিবর্তন আনছে। ইলন মাস্কের মালিকানাধীন এক্স সম্প্রতি ক্রিয়েটরদের অর্থ দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। সেখানে মৌলিক কনটেন্টকে পুরস্কারের আওতায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

চলতি বছরের শুরুতে ফেসবুকও টিকটক ও ইউটিউব থেকে ক্রিয়েটরদের আকৃষ্ট করতে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে।

সূত্র: টেকক্রাঞ্চ